Breaking News

ভোটের মুখে রাসবিহারীতে তোলপাড়! দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে আয়কর হানায় টানা জিজ্ঞাসাবাদে চাঞ্চল্য,তৃণমূল কর্মীদের বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে হঠাৎই তৎপর কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ আচমকাই রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে পৌঁছে যায় আয়কর দফতরের আধিকারিকরা। ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে বেশি সময় ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। শুধু মূল বাড়ি বা কার্যালয়ই নয়, মনোহরপুকুর রোডে তাঁর শাশুড়ির ফ্ল্যাটেও পৌঁছে যায় আয়কর দফতর। বহুতল ওই ভবনের পঞ্চম তলায় একাই থাকেন তিনি। স্থানীয়দের কাছে পরিচিত ‘দেবাদার ফ্ল্যাট’ নামেই। দীর্ঘক্ষণ তল্লাশির পর সেখান থেকেও বেরিয়ে যান আধিকারিকরা। তবে ওই ফ্ল্যাটে তল্লাশির সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।
এদিকে, এই অভিযানের প্রতিবাদে সরব হয়ে ওঠেন দেবাশিস কুমারের অনুগামীরা। ‘ঘরের ছেলে’কে হেনস্তা করা হচ্ছে—এই অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মী-সমর্থকরা। বুকে ‘আমিও দেবাশিস কুমার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে রাসবিহারী এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু হয়। নির্বাচনের আগে এই পদক্ষেপ কেন—এই প্রশ্নে দফায় দফায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই বিধায়কের বাড়ির সামনে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। দুপুরের পর সেই নিরাপত্তা আরও জোরদার করা হয়। একদিকে আয়কর দফতরের জিজ্ঞাসাবাদ, অন্যদিকে সমর্থকদের বিক্ষোভ—সব মিলিয়ে দিনভর উত্তপ্ত ছিল গোটা এলাকা।
উল্লেখ্য, এর আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিকবার তলব করেছিল দেবাশিস কুমারকে। ভোট ঘোষণার পর অন্তত তিনবার তাঁকে ডাকা হয়। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়ে দু’বার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। একটি সংস্থার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঘিরে তদন্ত চালাচ্ছে ইডি, এবং সেই সূত্র ধরেই তাঁর নাম উঠে আসে বলে জানা গিয়েছে।এই আবহেই ভোটের আগে আয়কর দফতরের এই তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *