প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের মুখে সাংবাদিকদের জন্য বড় ঘোষণা করল বিজেপি। শনিবার কলকাতার প্রেস ক্লাবে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত যোগ্য সাংবাদিককে মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা-ওরা নয়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন।’শমীক ভট্টাচার্যের দাবি, বর্তমান সরকারের আমলে সুযোগ-সুবিধা কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক সাংবাদিক অত্যন্ত প্রতিকূল ও আর্থিক অনটনের মধ্যে কাজ করছেন। বিজেপি ক্ষমতায় এলে কোনও পক্ষপাতিত্ব ছাড়াই এই মাসিক ভাতা প্রদান করা হবে। ভারতবর্ষের একাধিক রাজ্যে সাংবাদিকদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা আগে থেকেই চালু রয়েছে। হরিয়ানায় সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা পেনশন দেওয়া হয়। রাজস্থান ও উত্তরপ্রদেশে প্রবীণ সাংবাদিকদের জন্য বিশেষ পেনশন ও সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে এবং অসম ও তামিলনাড়ুতে সাংবাদিকদের এককালীন ও মাসিক আর্থিক সহায়তার সুবিধা দেয় এই রাজ্যগুলি।যদিও সাংবাদিকদের জন্য আর্থিক সহায়তা বা সামাজিক সুরক্ষার উদ্যোগ নতুন নয়। অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের ট্রেনভাড়ায় ৫০ শতাংশ ছাড় চালু করেছিলেন, যা তাঁদের পরিবারও পেত। অন্যদিকে দেশের একাধিক রাজ্যেও সাংবাদিকদের জন্য পেনশন বা ভাতার ব্যবস্থা রয়েছে, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অসম ও তামিলনাড়ু তার উদাহরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা নিছক কল্যাণমূলক পদক্ষেপ নয়, বরং একটি কৌশলগত পদক্ষেপও বটে। যেমন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা হিসেবে বিজেপি ‘মাতৃশক্তি ভরসা’ প্রকল্প এনেছে, তেমনই সাংবাদিকদের ভাতার ঘোষণা করে বুদ্ধিজীবী ও সচেতন মহলের সমর্থন আদায়ের চেষ্টা করছে গেরুয়া শিবির।
Hindustan TV Bangla Bengali News Portal