প্রসেনজিৎ ধর, হুগলি:-গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন হুগলির চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। হুগলিরই একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে তাঁকে। অসিত জানিয়েছেন, তিনি দেবাংশু ভট্টাচার্যের হয়ে ভোটপ্রচারে বেরিয়ে গরমে অসুস্থ হয়ে পড়েছেন।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে কোমর বেঁধে প্রচার চালাচ্ছিলেন অসিতবাবু। গতকাল হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দ্রুত তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অসহ্য গরমে ‘লু’ লাগার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। পাশাপাশি তাঁর পেটের সংক্রমণও দেখা দিয়েছে।
জানা গিয়েছে, অসিতের আগে থেকেই ডায়াবেটিসজনিত সমস্যা ছিল। সেই কারণে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। নার্সিংহোমের বিছানায় শুয়ে অসিত মজুমদার জানিয়েছেন, “প্রচারে বেরিয়ে লু লেগে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসক বিশ্রাম নিতে বলেছেন।” বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। তবে অসুস্থতার কারণে আপাতত তাঁর ভোট প্রচারে বের হওয়া সম্পূর্ণ বন্ধ।এবারের নির্বাচনে চুঁচুড়া কেন্দ্র থেকে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারকে আর টিকিট দেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পরিবর্তে ঘাসফুল শিবিরের বাজি দলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। প্রার্থী তালিকা ঘোষণার পর শুরুতে দলের এই সিদ্ধান্তে কিছুটা উষ্মাপ্রকাশ করেছিলেন অসিতবাবু। তবে সেই অভিমান ঝেড়ে ফেলে দলের স্বার্থে কোমর বেঁধে দেবাংশুর হয়ে প্রচারে নেমেছিলেন তিনি। তাঁর চিরাচরিত ভঙ্গিতে তর্জন-গর্জনও শোনা যাচ্ছিল জেলা জুড়ে। কিন্তু ভোটের ঠিক মুখেই শারীরিক অসুস্থতা তাঁর গতিবিধি স্তব্ধ করে দিল।
Hindustan TV Bangla Bengali News Portal