Breaking News

৯০ দিনেও চার্জশিট দিতে পারল না এনআইএ!বেলডাঙা কাণ্ডের ১৫ অভিযুক্ত শর্তসাপেক্ষে পেল জামিন

নিজস্ব সংবাদদাতা :- বেলডাঙা কাণ্ডের পরে ৯০ দিন কেটে গেলেও ধৃতদের বিরুদ্ধে চার্জশিট বা তদন্তের কোনও প্রামাণ্য রিপোর্ট পেশ করতে পারেনি জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শনিবার এনআইএর বিশেষ আদালত ওই ঘটনায় ধৃত ৩৫ জনের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করল। ১০ হাজার টাকার বন্ডের বিনিময়ে তাঁদের জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিযুক্তদের গতিবিধির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ জানিয়েছেন, এই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যাচ্ছেন তাঁরা। জামিন মঞ্জুর হলেও একাধিক বিষয়ে শর্ত দিয়েছে আদালত। তদন্তকারী আধিকারিকের কাছে তাঁদের যোগাযোগের নম্বর জমা রাখতে হবে। প্রতি ক্ষেত্রে তদন্তে সহযোগিতা করতে হবে। মামলার শুনানির দিনগুলিতে আদালতে অভিযুক্তদের শশরীরে হাজির থাকতে হবে। তবে বাকি ২০ জন অভিযুক্ত এখনও জেল হেফাজতেই রয়েছে।গত জানুয়ারি মাসে ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। দফায় দফায় ভাঙচুর, রেল অবরোধ, জাতীয় সড়কে বিক্ষোভ থেকে শুরু করে সংবাদমাধ্যমকে আক্রমণের অভিযোগ উঠেছিল। রাজ্য পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ দেখে ধরপাকড় করলেও, পরবর্তী কালে হাইকোর্টের নির্দেশে মামলার ভার নেয় এনআইএ। বিভিন্ন সময়ে মোট ৩৫ জনকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছিল এনআইএ। আদালত সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধৃতদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিতে পারেনি তারা। এমনকি, তদন্তের অগ্রগতি নিয়ে সদুত্তর দিতেও ব্যর্থ হয় এনআইএ। তারপরেই শনিবার জামিন পান ১৫ জন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *