দেবরীনা মণ্ডল সাহা :- আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন। ভোটের আর মাত্র তিন দিন বাকি থাকতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করা হল। রাজ্যের সিভিক ভলান্টিয়র, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন।নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটের তিন দিন আগেই এই কর্মীদের ‘রিজার্ভ লাইনে’ পাঠিয়ে দিতে হবে। নির্বাচনী প্রক্রিয়ায় যাতে তাঁদের কোনওভাবেই ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন সাধারণ পোশাকে (ইউনিফর্ম ছাড়া) ভোট দিতে পারবেন সংশ্লিষ্ট কর্মীরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই কড়া নির্দেশ। নির্দেশিকায় জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক।নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। রাজ্য পুলিশের ডিজি সহ সব পুলিশ জেলার সিপি/এসপিদের এই নির্দেশ সংবলিত চিঠি দিয়েছেন রাজ্যেরর মুখ্য নির্বাচনী আধিকারিক।ভোটের কয়েকদিন আগে এই নির্দেশিকা জারি করে কমিশন বার্তা দিল, কোনও অবস্থাতেই যাতে ভোটারদের ওপর কোনো প্রকার প্রভাব বিস্তার না করা হয়। সব পক্ষকে সমান সুযোগ এবং স্বচ্ছ নির্বাচনী পরিবেশ বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য। বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, সিভিক ভলান্টিয়রদের একাংশ রাজনীতির কাজে ব্যবহৃত হয়। কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal