নিজস্ব সংবাদদাতা :- ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোটগ্রহণ। ঠিক তার আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধুনগর জেলা। রবিবার বিকেলে জেলার কাত্তানরপট্টি গ্রামের এক বাজি উৎপাদন কেন্দ্রে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ৬ জন গুরুতর আহত হয়েছেন।ঘটনার খবর পেয়ে শ্রমিকদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তামিলনাড়ুর বিরূধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে চারটি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। ঘটনাস্থলেই ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, বাজি তৈরির জন্য রাসায়নিক মিশ্রণের সময়ে কোনও ভাবে ঘর্ষণে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল এবং তা থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। উদ্ধারকাজ এখনও চলছে, কারণ ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত ও আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal