দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যে ভোটপ্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দুর্নীতি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে বিঁধলেন রাহুল গান্ধী । শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে সভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার তৃণমূল কংগ্রেস সরকারও একইভাবে দুর্নীতিতে জড়িয়ে বলে কটাক্ষ করলেন রাহুল। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন তিনি। রাহুলের কথায়, “নরেন্দ্র মোদি যে হিংসা ছড়ায়, তৃণমূলও বাংলায় তাই করে। নরেন্দ্র মোদি দুর্নীতি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কম যায় না।”এদিন রাহুল গান্ধী বলেন,‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। আমার ঘর ছিনিয়ে নিয়েছে। আমি জামিনে রয়েছি। আমার লোকসভার সদস্যপদ ছিনিয়ে নিয়েছে। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। কখনও ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, বিহারে গেলেও ১০-১৫ দিন অন্তর মামলায় হাজিরা দিতে হয়। মমতাজির বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদীজি? মমতাজিকে কত ঘণ্টা জেরা করা হয়েছে? আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে। টানা পাঁচ দিন। মমতাজির উপরে কোনও আক্রমণ হয় না। কেন? কারণ, তিনি বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করেন না। শুধু কংগ্রেসই নীতির ভিত্তিতে লড়াই করে। ২৪ ঘণ্টা মোদীজি কংগ্রেস, রাহুল, খড়্গেজিকে আক্রমণ করেন। শুধু ভোটের সময়ে এসে মোদীজি মমতাকে কটাক্ষ করেন। নির্বাচন শেষ হলে তিনি আর মমতাজিকে নিয়ে কিছু বলবেন না। কারণ, তিনি জানেন, ভারতে একটি শক্তিই বিজেপি, সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করে। ওই শক্তি হল কংগ্রেস। এখানে কংগ্রেসকে মজবুত করুন। ভোট দিন। আমাদের বিধানসভায় পাঠান।’’তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে রাহুল এদিন ফের সারদা-রোজভ্যালি চিটফান্ড কাণ্ডকে তুলে আনেন। এই দুই চিটফান্ড কেলেঙ্কারিতে আমানতদের টাকা লুট হয়েছে বলে এদিন অভিযোগ করেন কংগ্রেস নেতা। শিল্পক্ষেত্র নিয়েও এদিন রাজ্য সরকারকে নিশানা করেন সোনিয়া পুত্র।
Hindustan TV Bangla Bengali News Portal