প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই বেনজির পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার ভবানীপুরের চক্রবেড়িয়া রোডে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার অদূরেই বিজেপির তরফে পালটা মাইকিং ও স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। এই বিশৃঙ্খলার জেরে মেজাজ হারিয়ে মাঝপথেই বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন মমতা। গোটা বিষয়টিকে ‘অপমানজনক’ ও প্রশাসনের ‘পার্শিয়ালিটি’ বলে তোপ দেগেছেন তিনি।২৯ তারিখ দ্বিতীয় তথা শেষ দফায় ভোট কলকাতা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের ১৪২ আসনে। ভবানীপুর থেকে এবারও লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী এখানে বিজেপির শুভেন্দু অধিকারী। ফলে ছাব্বিশে ভবানীপুর কেন্দ্র সবচেয়ে হাইভোল্টেজ, তা বলাই বাহুল্য। শুভেন্দু অবশ্য নন্দীগ্রাম থেকেও ভোটে লড়েছেন। ২৩ তারিখ সেখানে ভোট মিটে যাওয়ার পর এখানেই রয়েছেন বিজেপি প্রার্থী। প্রায় রোজই ভবানীপুরে জনসভা, রোড শো চলছে তাঁর। শনিবারও তিনি জনসভা করেছেন ভবানীপুর এলাকায়। সন্ধ্যের পর সেখানে জনসংযোগ করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রেক্ষাগৃহে মমতার বৈঠক ছিল। সেখানে দলের কর্মী, সমর্থকদের পাশাপাশি ছিলেন টলিউডের একঝাঁক অভিনেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে ওঠার কিছুক্ষণের মধ্যেই শোনা যায় মাইকের বিকট আওয়াজ। মঞ্চে উঠে তিনি বক্তব্য শুরু করার পরই সভার কিছুটা দূরে বিজেপির তরফে মাইকিং ও স্লোগান শুরু হয় বলে অভিযোগ। মাইকের তীব্র আওয়াজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষুব্ধ তৃণমূলনেত্রী কয়েক মিনিটের সংক্ষিপ্ত ভাষণের পরই সভা শেষ করার সিদ্ধান্ত নেন।মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, “আমি সব অফিশিয়াল পারমিশন নিয়েছি। তার পরেও এই মনোভাব? ওরা পশ্চিমবঙ্গকে দখল করতে জোর করে যা করছে, তা ঠিক নয়। ওরা যদি আমার কেন্দ্রে এটা করতে পারে…!” পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে ‘পার্শিয়ালিটি’ বলে উল্লেখ করেন। তাঁর দাবি, নির্বাচনের নিয়ম থাকা সত্ত্বেও বিজেপি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে।বিজেপির মাইকিং ও চিৎকার-চেঁচামেচির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মমতা উপস্থিত কর্মী-সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, “আমি এই অসভ্যতামি করতে পারব না। এটা খুব অপমানজনক, এটা হিউমিলেশন।” এরপরই তিনি ঘোষণা করেন, “আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাল এখানে র্যালি করে দেব। মিটিং পর্যন্ত করতে দিচ্ছে না আমাকে।”
Hindustan TV Bangla Bengali News Portal