নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ খারিজের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেন মামলাকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের নির্দিষ্ট ধারার উল্লেখ না থাকায় মামলাটি গ্রহণযোগ্য নয়। মামলাকারীর অভিযোগ ছিল, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর প্রতিটি মন্তব্যের প্রভাব জনমানসে অত্যন্ত গভীর। তিনি জেনে বুঝেই গত ৩ এপ্রিল ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং পরে মেদিনীপুরের সভায় উস্কানিমূলক মন্তব্য করেছেন। মামলাকারীর দাবি, ওই সভাগুলিতে শুভেন্দু অধিকারী “ধর্মনিরপেক্ষতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক” এবং “আমি হিন্দুদের এমএলএ, হিন্দুরাই আমাকে নির্বাচিত করেছে”—এমন সব মন্তব্য করেছেন।মামলাকারীর পক্ষের আইনজীবীর দাবি, এই ধরণের বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আর সেই সূত্রেই আদালতে তাঁর প্রার্থীপদ বাতিলের আর্জি জানানো হয়েছিল। শুনানির সময় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চায়, ঠিক কোন সাংবিধানিক ধারার উল্লেখ করে এই প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে। কিন্তু মামলাকারীর আইনজীবীরা এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি। সংবিধানের কোনও নির্দিষ্ট ধারার উল্লেখ না থাকায় এবং আইনি ভিত্তি স্পষ্ট করতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দেওয়ার নির্দেশ দেয়|
Hindustan TV Bangla Bengali News Portal