Breaking News

রণক্ষেত্র জগদ্দল, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান!গ্রেপ্তার তৃণমূলের কাউন্সিলর-সহ মোট চার জন

প্রসেনজিৎ ধর :- ভোটের দু’দিন আগে রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী থাকল জগদ্দল। সেই সংঘর্ষের সময় চলল গুলি। তাতে জখম হয়েছেন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। জানা গিয়েছে, জখম জওয়ান বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক পবন সিংয়ের নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। জখম জওয়ানের নাম যোগেশ শর্মা। অভিযোগ, জগদ্দলের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালানো হয়। সেইসময়ই গুলিবিদ্ধ হন পবন সিংয়ের নিরাপত্তারক্ষী সিআইএসএফ জওয়ান। পরিস্থিতি সামাল দিতে রাতেই নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে এই নিয়ে।সোমবার জগদ্দলে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে, রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল। গন্ডগোলের সূত্রপাত হয় আটচলা বাগানে। ওই এলাকায় সন্ধ্যায় দুই দলের সংঘর্ষের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী এবং র‌্যাফ নামে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে জগদ্দল থানায় নোয়াপাড়ার বিজেপি প্রার্থী তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে নিয়ে উপস্থিত হন প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপির অভিযোগ, সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাঁদের উপর ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন অর্জুন। থানা থেকে বেরিয়ে রাজেশ আঙুল তোলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাঁর কথায়, ‘‘আমার বিরুদ্ধে বিদায়ী চিফ মিনিস্টার মানুষকে উস্কেছেন। বলেছেন, সকলে বদলা নেবেন কি না। একটা থানার ভিতরে আমাদের উপর হামলা করা হয়েছে। আইসি-রা পালিয়েছেন। গুন্ডারা এসে আমাদের লোকেদের পিটিয়েছে।’’পাল্টা ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তের অভিযোগ, তাঁদের এক কর্মীকে মারধর করেছে বিজেপি। সেই সময় অভিযোগ জানাতে এলে অর্জুন এবং তাঁর অনুগামীরা তাঁদের উপর চড়াও হন। এলাকাবাসীরা জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। রাতেও পুলিশবাহিনী মোতায়েন ছিল ওই এলাকায়।অন্য দিকে, জগদ্দলের মেঘনা মোড়ে ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুনের পুত্র পবন সিংহের বাড়ির বাইরে গুলি-বোমা চলার অভিযোগ উঠেছে। পবনের দাবি, কী কারণে ঝামেলা, বাইরে তা দেখতে বেরিয়ে গুলিবিদ্ধ হন তাঁর নিরাপত্তায় নিযুক্ত এক সিআইএসএফ জওয়ান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *