প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোট গণনার আগে তৃণমূলের সব কাউন্টিং এজেন্টকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টের সময়ে ওই বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠক থেকে রাজ্যের ২৯১টি কেন্দ্রেরই দলীয় কাউন্টিং এজেন্টেদের উদ্দেশে বার্তা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মূলত, শেষ দফার ভোটের পর একাধিক বুথ ফেরত সমীক্ষায় বিজেপি জিততে চলেছে তা দেখানো হয়েছে। কিন্তু, এসবে বিশ্বাস করতে চাইছে না তৃণমূল। ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাইছে তারা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কাউন্টিং এজেন্টদের তালিকা চূড়ান্ত হয়েছে। তাঁদের কোনও বিশেষ বার্তা দিতে পারেন অভিষেক |প্রথম দফার ভোটের আগে দলের তরফে ভার্চুয়াল বৈঠক করে নেতা-কর্মীদের উদ্দেশে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। দ্বিতীয় দফার ভোটের আগেও এমন একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেখানে বার্তা দিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। এবার ভোট গণনার আগে ফের ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক। প্রতিটি গণনাকেন্দ্রে দলের কাউন্টিং এজেন্টদের উদ্দেশে বার্তা দেবেন তিনি।ইতিমধ্যে ফলপ্রকাশের আগেই তৃণমূলের তরফে স্ট্রংরুমের বাইরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে সোমবার ফলপ্রকাশের আগে এজেন্টদের বার্তায় অভিষেক কী বলেন, সেটাই এখন দেখার। তবে মনে করা হচ্ছে, গণনা প্রক্রিয়া চলাকালীন সমস্ত বিষয়ের উপর কড়া নজর রাখার কথা বলা হতে পারে শনিবারের বৈঠকে। প্রসঙ্গত, এদিকে কারচুপির আশঙ্কায় বৃহস্পতিবার শাখাওয়াত মেমোরিয়াল স্কুল ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শাখাওয়াতে ৪ ঘণ্টা পাহারা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| অন্যদিকে ‘সন্দেহজনক গতিবিধির’ অভিযোগ তুলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেছিলেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। এদিকে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, গণনার দিন সাংবাদিক বৈঠক করা না পর্যন্ত যাতে গণনাকেন্দ্র যেন না ছাড়েন এজেন্টরা।
Hindustan TV Bangla Bengali News Portal