দেবরীনা মণ্ডল সাহা :- স্ট্রংরুমের পাহারা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চাপানউতোর তুঙ্গে। এই আবহে বিভিন্ন জেলায় থাকা স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে নির্বাচন কমিশন। ইভিএমবন্দি ‘ভোট আগলাতে’ পালা করে স্ট্রংরুমের সামনে পাহারা দিচ্ছেন রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকেরা।কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনাকেন্দ্রে জারি ১৬৩ ধারা। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ করল কমিশন। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, স্ট্রংরুম চত্বরে ২০০ মিটারের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ। করা যাবে না মিছিল, সভা, বিক্ষোভ, শোভাযাত্রা বা কোনও ধরনের জনসমাবেশ। পাথর, ইট বা ক্ষতিকর বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। এমনকী নির্বাচন কমিশনের অনুমোদনহীন কোনও সামগ্রী ওই ২০০ মিটারের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। তবে ডিউটিতে থাকা পুলিশকর্মী, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয় বলেও জানিয়ে দিয়েছে কমিশন। সূত্রের খবর, স্ট্রংরুমের নিরাপত্তায় কোনও ঝুঁকি নিতে নারাজ কমিশন ও পুলিশ। তাই গণনাকেন্দ্রগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোচবিহারে মোট পাঁচটি গণনাকেন্দ্র ন’টি বিধানসভার ভোটগণনা হবে। জেলা প্রশাসন সূত্রে খবর, আপাতত প্রতিটি গণনাকেন্দ্রে দ্বিস্তরীয় নিরাপত্তা রয়েছে। গণনার দিন ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। বিভিন্ন দলের প্রার্থীরা যে সমস্ত কর্মীদের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে, তাদের বিশেষ অনুমতিপত্র দেওয়া হচ্ছে।বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে জেলার তিনটি স্ট্রংরুমে। স্ট্রংরুমে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। স্ট্রংরুমের একেবারে সামনের দু’টি স্তরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্ট্রংরুম চত্বরের বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। ২৪ ঘণ্টা সিসি ক্যমেরার মাধ্যমে স্ট্রংরুমে নজরদারি চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং প্রার্থীরা। নদিয়া জেলার গণনাকেন্দ্র এবং স্ট্রংরুমগুলিও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রতিটি স্ট্রংরুমের দরজার সামনে কেন্দ্রীয় বাহিনীর দু’জন সশস্ত্র জওয়ান মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি গতিবিধির উপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে ভিডিওগ্রাফির ব্যবস্থাও রাখা হয়েছে প্রতিটি ঘরে|হুগলি জেলার ১৮টি কেন্দ্রের ভোটগণনা হবে চারটি মহকুমায়।তার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কমিশনের তরফে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জেলাতেও রাজনৈতিক দলের কর্মীরা পালা করে সিসি ক্যামেরার ফুটেজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। হাওড়ার স্ট্রংরুমগুলিতেও ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। বাইরে বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা। সেই সিসি ক্যামেরার ফুটেজের উপর নজর রাখার জন্য তৈরি করা হয়েছে ‘মনিটারিং রুম’। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছেন।
Hindustan TV Bangla Bengali News Portal