Breaking News

দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একাধিক নেতা!দলবিরোধী মন্তব্যে পাঁচ মুখপাত্রকে শোকজ তৃণমূলের,২৪ ঘণ্টার মধ্যে চাইল জবাব

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য বিধানসভা নির্বাচনে মাত্র ৮০টি আসনে থমকে যাওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই এবার গৃহযুদ্ধে বিদ্ধ তৃণমূল কংগ্রেস। ২০৭টি আসন নিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই দলের অন্দরে ক্ষোভের আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছিল। এবার সেই ক্ষোভকে কেন্দ্র করেই কড়া পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। দলবিরোধী মন্তব্য করার অভিযোগে একযোগে ৫ জন দাপুটে মুখপাত্রকে শো-কজ করল ঘাসফুল শিবির।
দলের শৃঙ্খলারক্ষাকারী কমিটির অন্যতম সদস্য ডেরেক ও’ব্রায়েন এই পাঁচ মুখপাত্রের কাছে নোটিস পাঠিয়েছেন। অভিযুক্তরা হলেন – ঋজু দত্ত, কৃষ্ণেন্দু চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। চিঠিতে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, দলের শৃঙ্খলাভঙ্গের অপরাধে কেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে না? সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে এই চিঠির সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত ৬ মে তৃণমূল কংগ্রেসের তরফে একটি নোটিস জারি করা হয়েছিল। সেখানে জানানো হয়েছিল, বেশ কিছু নেতা-নেত্রী দলবিরোধী কিছু মন্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে করছেন। এই ধরনের মন্তব্য সেই নেতা-নেত্রীদের একান্ত ব্যক্তিগত মন্তব্য। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের বিপর্যয় তৃণমূলের ভিতকে কতটা নাড়িয়ে দিয়েছে, এই শো-কজ পর্ব তারই প্রমাণ। একদিকে যখন কলকাতার রাজপথে বিজেপির বিজয় উৎসব এবং শপথের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে তখন কালীঘাটের অন্দরে শুরু হয়েছে কোন্দল। এখন দেখার, বিদ্রোহীদের এই কড়া জবাবি চিঠির পর শৃঙ্খলারক্ষাকারী কমিটি তথা দলের শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *