প্রসেনজিৎ ধর, কলকাতা :- নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা। এতদিন এই পদে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা। ৪ মে ভোটের ফলপ্রকাশের পরই সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন শুভেন্দু অধিকারী। বিকেলেই তাঁর উপদেষ্টা পদে নাম ঘোষণা হল সুব্রত গুপ্তর। এছাড়া শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালা। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তার পরেই তাঁর উপদেষ্টা এবং ব্যক্তিগত সচিব নিয়োগ করা হল। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব করা হল শান্তনু বালাকে। তিনি ২০১৭ ব্যাচের আইএএস। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে নিয়োগ করল নবান্ন। গত বছরের অক্টোবরে রাজ্যে যখন এসআইআর শুরু হয় সেই সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। এসআইআরের কাজে বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রতের ভূমিকায় কমিশন সন্তুষ্ট হওয়ায় তাঁকে রাজ্যের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক হিসাবেও দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনপর্ব মেটার পর গত বৃহস্পতিবার কমিশন সুব্রতকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। দু’দিন কাটতে না কাটতেই নতুন সরকারে নতুন ভূমিকায় সুব্রত।
Hindustan TV Bangla Bengali News Portal