দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। শনিবার ধর্মতলায় পূর্ত দফতরের তাঁবুতে বৈঠকটি হয়। এই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেন শুভেন্দু। অন্য দিকে, সোমবার বিকেল পাঁচটায় নবান্ন সভাঘরে রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জোনের উচ্চপদস্থ আধিকারিকরা।মহাকরণ থেকে রাজ্যের সচিবালয় চলবে, বিজেপির তরফে এই ঘোষণার পরই সেখানে সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে পুরোপুরি প্রস্তুত করে দিতে বেশ খানিকটা সময় লাগবে। সেই সময়ের জন্য আপাতত বিধানসভার একটা অংশকে সাজিয়ে তোলা হয়েছে। গেরুয়া আলোয় আলোকিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরের দিক দিয়ে নতুন করে তৈরি হয়েছে র্যাম্প। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামফলকও বসানো হয়েছে। তবে এদিন সেখানে যাননি শুভেন্দু। পূর্ত দপ্তরের এক বিল্ডিংয়ে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নবনির্বাচিত বিধায়কদের শপথের দিনক্ষণ স্থির হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় এই শপথ হবে। তারপরের দিন অর্থাৎ শুক্রবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে নবান্নের কনফারেন্স রুমে।সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রশাসন ও পুলিশকর্তাদের সঙ্গে আলোচনায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানিয়েছেন, যে প্রকল্পগুলি চলছে এই মুহূর্তে, সেগুলো যাতে বন্ধ না হয়। যাতে আমজনতার কোনও কাজে কোনও সমস্যা না হয়, সেই নির্দেশ দেন।
Hindustan TV Bangla Bengali News Portal