প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী অশান্তি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে আজ ছিল শুনানি | আর সেই মামলাতেই সওয়াল করতে বৃহস্পতিবার কল্যাণ বন্দোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আদালতে উপস্থিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এজলাসে টিম তৃণমূলের সঙ্গে মমতা উপস্থিত হওয়াতেই শোরগোল পরে যায় হাইকোর্ট চত্বরে|আইনজীবীদের একাংশের বিরোধিতার মুখে মমতা বলেন, “প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয। সময় পরপর আমার মেম্বারশিপ রিনিউ করেছি।” এদিন মমতা সওয়াল করতে যাওয়ায় বাধা দেন কিছু আইনজীবী। পরে মমতা বেরোনোর সময়ও বিক্ষোভ দেখান একাংশের আইনজীবীরা।
কলকাতা হাইকোর্টে দুটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। আইনজীবী রীতঙ্কর দাস একটি মামলা দায়ের করেন। হগ মার্কেটে জেসিবি দিয়ে মূর্তি ভাঙার মতো অভিযোগ নিয়ে মামলা করেন। অন্যদিকে, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোটের পর আক্রমণ নিয়ে মামলা করেন। দুটি মামলা এদিন একসঙ্গে শোনা হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে।
এদিন সওয়ালে মমতা অভিযোগ তোলেন, “শিশু, নারী, সংখ্যালঘু, কাউকে রেয়াত করছে না। ১৮ বছরের বিবাহিতকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে।” তাতে সলিসিটর জেনারেল বলেন, “এই অভিযোগগুলো মামলার সঙ্গে সম্পর্কযুক্ত?” উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিদিন একই অভিযোগ। আদালত অনুমতি দিলে এই অভিযোগগুলি সাপ্লিমেন্টারি হলফনামায় সংযুক্ত করব।”ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। ভোট পরবর্তী হিংসার শিকার কোনও ব্যক্তির দোকান বা বাড়ি ক্ষতিগ্রস্ত হলে, দল না দেখে সেগুলি ফিরিয়ে দিতে হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য পুলিশ এই বিষয়ে হলফনামা দেবে বলেও উল্লেখ করা হয়েছে আদালতের রায়ে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূলের অভিযোগের সঙ্গে একমত হাইকোর্ট। তিনি বলেন, “মমতা নিজে সওয়াল করেছেন। হাইকোর্টও তাঁর সঙ্গে একমত। যেভাবে তৃণমূলকর্মীদের বের করে দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, লুঠ করা হচ্ছে, সেগুলো কড়া হাতে পুলিশকে মোকাবিলা করতে হবে।” কুণালের কথায়, আদালতে সওয়াল করে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Hindustan TV Bangla Bengali News Portal