প্রসেনজিৎ ধর,কলকাতা :- তিলজলায় একটি গুদামে আগুন ধরে গিয়ে মৃত্যু হয়েছিল দু’জনের। আহত হয়েছিলেন একাধিক। সেই ঘটনায় পদক্ষেপ করা হবে তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী| এবার সেই ঘটনায় বড় পদক্ষেপ। সূত্রের খবর, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ওসি তথা স্টেশন অফিসার গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে দমকল দফতর।মঙ্গলবার তিলজলার এক ঘিঞ্জি এলাকায় একটি চামড়ার কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দু’জনের মৃত্যু হয়। তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তিলজলার ওই কারখানার কোনও বিল্ডিং প্ল্যান নেই। অবৈধ ভাবে কারখানা চলছিল। কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেপ্তারও করা হয়েছে। এলাকাটি অত্যন্ত জনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও, আগুন নেভানোর প্রক্রিয়ায় একাধিক ত্রুটি ধরা পড়ে।দমকল বিভাগ সূত্রের খবর, প্রগতি ময়দান ফায়ার স্টেশনের স্টেশন অফিসার গৌতম দাসের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ উঠেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর থেকে অপারেশন চলাকালীন ঘটনাস্থলে সঠিক তদারকি ও সমন্বয়ের অভাব ছিল। এ ছাড়া প্রগতি ময়দান দমকল কেন্দ্রে নজরদারি, পরিদর্শন এবং অগ্নি-নিরাপত্তা আইন কার্যকর করার ক্ষেত্রে গুরুতর গাফিলতি নজরে এসেছে বলে খবর। কর্তব্যে গাফিলতির জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।দমকলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারি পরিষেবা এবং জনগণের নিরাপত্তা নিয়ে কোনও ধরনের আপস বরদাস্ত করা হবে না। তিলজলার মতো স্পর্শকাতর এলাকায় আগুন নেভানোর কাজে কেন খামতি থাকল, তা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু করা হয়েছে। সেই তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই আপাতত সংশ্লিষ্ট অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বর্তমানে প্রগতি ময়দান ফায়ার স্টেশনের দায়িত্ব অন্য একজন আধিকারিককে সাময়িকভাবে দেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal