Breaking News

“বিজেপি সরকারের নেপথ্যের কারিগর মিঠুনদাই!”নিউটাউনের বাড়িতে মহাগুরুর আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু,পাল্টা ‘সেরা মুখ্যমন্ত্রী’র সার্টিফিকেট ‘মহাগুরু’র

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিউটাউনে মহাগুরু মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে হাজির হলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সেখানে মহাগুরুর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি ২০২৬-এর নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের কৃতিত্ব মিঠুন চক্রবর্তীকেই দিলেন মুখ্যমন্ত্রী।পাল্টা শুভেন্দুকেও প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন| শনিবার থেকে জেলা সফর শুরু করেছেন শুভেন্দু। প্রথমেই দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তাঁর প্রশাসনিক সভা |তার আগে দিন শুরু করলেন মিঠুনের সঙ্গে বৈঠক দিয়ে। শনিবার সকালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউ টাউনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পর এই প্রথম আলাদা করে মিঠুনের সঙ্গে তিনি বৈঠক করলেন। ঘণ্টাখানেক দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। পরে মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানান, মিঠুন এ রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। পাল্টা শুভেন্দুকেও প্রশংসায় ভরিয়ে দেন মিঠুন।এদিন শুভেন্দু বলেছেন, ‘‘মিঠুনদা এ রাজ্যে বিজেপির জয়ের অন্যতম কারিগর। আমাকে দল মুখ্যমন্ত্রী করেছে। তার পিছনেও ওঁর হাত রয়েছে। ছ’বছর ধরে রাজ্যে পরিবর্তন আনার জন্য মিঠুনদা অনেক পরিশ্রম করেছেন। নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। উনি আমাকে জানিয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে যেতে চান। আমি বলেছি, আপনি আসবেন কেন? আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।’’ শুভেন্দুর এই কথা শুনে তাঁকে জড়িয়ে ধরেন মিঠুন। শুভেন্দু আরও বলেন, ‘‘মিঠুনদার জনপ্রিয়তা বিজেপির গণ্ডিতে আবদ্ধ নেই। তার বাইরেও রয়েছে। আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদা অন্য জায়গায়। তিনি মহাগুরু। আমি ওঁর আশীর্বাদ নিতে এসেছি।’’কেন আচমকা মিঠুনের সঙ্গে দেখা করলেন শুভেন্দু, তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “জয়ের পর মিঠুনদা আমার সঙ্গে দেখা করতে চান। আমি বলেছি আপনার জেতানো মুখ্যমন্ত্রী বাড়িতে এসে দেখা করে যাবে। তাই আজ মিঠুনদার সঙ্গে দেখা করতে আসি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *