Breaking News

হাওড়া-শিয়ালদহে হকার উচ্ছেদে ক্ষোভ! ‘বুলডোজার সংস্কৃতি’র প্রতিবাদে ২১ মে রাজপথে তৃণমূল

প্রসেনজিৎ ধর,কলকাতা :-রাজ্যে বিজেপি ক্ষমতা আসার পর থেকে একের পর এক অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সব নির্মাণের উপর চলছে বুলডোজার। পালাবদলের পর রেলের জায়গায় দখলদার সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে অভিযান চালিয়ে দখলদারদের অবৈধ, অস্থায়ী ঝুপরি ভেঙে ফেলা হয়েছে। এভাবে হকারদের জোর করে উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার পথে নামার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। ২১ মে ফলতায় বিধানসভার পুনর্নির্বাচনের দিনই হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে।মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সেই বৈঠকেই হকার উচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। সূত্রের খবর, উচ্ছেদ প্রসঙ্গে ওই বৈঠকে মমতা জানিয়েছেন, সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। হকারদের দোকান বুল‌ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া দিচ্ছে। মমতার অভিযোগ, ভারতীয় সংবিধান মানছে না বিজেপি সরকার। এই উচ্ছেদের প্রতিবাদে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জ স্টেশনের কাছে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল।অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতি নিয়ে মমতার সমালোচনার পরেই ‘বুলডোজার সংস্কৃতি’র বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও বালিগঞ্জের কাছে এই প্রতিবাদ কর্মসূচি করা হবে। উল্লেখ্য, সেদিনই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন রয়েছে। নির্বাচনের একদিন আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। দলের প্রার্থীর এই সিদ্ধান্তে মুখ পুড়েছে তৃণমূলের। এই পরিস্থিতিতে নির্বাচনের দিনই অবৈধ নির্মাণ ও দখলদার হটাতে রাজ্য সরকারের নীতির প্রতিবাদ করে পথে নামতে চলেছে তৃণমূল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *