দেবরীনা মণ্ডল সাহা :- পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।জানা গিয়েছে, সামনে বর্ষা তাই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেতে চলেছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা। এছাড়াও সড়ক যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চিকিৎসা পরিষেবা এবং চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ, জমি ও বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতির প্রসঙ্গ।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার উত্তরকন্যা’র প্রশাসনিক সভাঘরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে । কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই পাঁচটি জেলার সামগ্রিক উন্নয়ন ও আইনশৃঙ্খলার খতিয়ান নিয়ে এই বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক, পুলিশ সুপার এবং উচ্চপদস্থ আধিকারিকরা । নির্বাচনের পর এই প্রথম উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি । এই বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে । মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক । শুভেন্দু অধিকারীর যাতায়াতের পথে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ।
সফরসূচি অনুযায়ী, কলকাতা থেকে উড়ানে বুধবার সকাল বাগডোগরা বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে সড়কপথে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি । ওখানে প্রশাসনিক বৈঠক সেরে ২০ মে তিনি দক্ষিণবঙ্গে চলে যাবেন ৷ আগামী ২১ মে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী ৷মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরে ভিভিআইপি কনভয়ের যাতায়াত নির্বিঘ্ন করতে ওই নির্দিষ্ট রুটে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দীন আহমেদের সরাসরি তত্ত্বাবধানে রাস্তার দু’ধারে বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ শুরু হয়েছে ।
পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর । ফলত, তাঁকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় হতে পারে বলে অনুমান করছেন পুলিশের শীর্ষকর্তারা । অতি উৎসাহী জনতা যাতে কোনওভাবেই কনভয়ের কাছাকাছি চলে আসতে না-পারে, তার জন্য আগাম সতর্কতা হিসেবে এই ব্যারিকেড দেওয়া হয়েছে |নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে পাহাড় সমস্যার সমাধান, কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতির আশ্বাস দিয়েছেন তাঁরা। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে প্রত্যাশা তুঙ্গে। প্রশাসনিক বৈঠকের পর তিনি কী বার্তা দেন সেদিকে তাকিয়ে পাহাড়-সমতল।
Hindustan TV Bangla Bengali News Portal