দেবরীনা মণ্ডল সাহা :-শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | প্রতি মাসে উত্তরবঙ্গে এবার থেকে খোদ মুখ্যমন্ত্রী হাজির হবেন। উন্নয়নের কর্মযজ্ঞ খতিয়ে দেখবেন তিনি। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও উত্তরকন্যায় বসবেন। সেখানে উন্নয়নের কাজকর্ম দেখাশোনার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও দেখা করে তাঁদের দাবিদাওয়া-কথা শুনবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজ, বুধবার উত্তরবঙ্গে প্রথম পৌঁছন শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমান বন্দরে নেমে উত্তরবঙ্গে বিজেপিকে জেতানোর জন্য সাধারণ মানুষকে শুভেচ্ছা জানান। শিলিগুড়িতে এক দলীয় কার্যালয়ে বিজেপির নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানে শুভেন্দু বলেন, “আমরা সংকল্পপত্রে যা যা বলেছি, সুনির্দিষ্ট সময়ের মধ্যে তা পূরণ করব। তার কিছু ফল আপনারা পেয়েছেন। আগামী জুন থেকেও কিছু ফল পাবেন। ক্রমান্বয়ে, আগামী তিন মাস, ছ’মাস, এক বছরের মধ্যে আমরা মানুষের কাছে দেওয়া কথা পূরণ করব।” শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির সরকার যে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে, তা-ও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বিগত নির্বাচনগুলিতে উত্তরবঙ্গ থেকে বিজেপির সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “উত্তরবঙ্গ হল বিজেপির ভদ্রাসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে।” এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আগামী জুলাই মাসে তিনি ফের উত্তরবঙ্গ সফরে যাবেন। তার আগে বিজেপির কর্মীরা রাজ্য সরকারকে যা যা প্রস্তাব দিতে চান, তা নথিভুক্ত করে রাখার পরামর্শ দেন তিনি। জুলাই মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি ওই প্রস্তাবগুলি সংগ্রহ করবেন। তার মধ্যে যেগুলি সরকারের পক্ষে করা সম্ভব, সেগুলি দ্রুততার সঙ্গে করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।বুধবার উত্তরবঙ্গে ঝটিকা সফরে গিয়েছেন শুভেন্দু। প্রশাসনিক সভা থেকে শুরু করে একাধিক কর্মসূচি সেরে বিকেলেই কলকাতায় ফেরেন তিনি। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। লোকসভা হোক বা বিধানসভা— গত এক দশক ধরে এই উত্তরবঙ্গে ভাল ফল করছে বিজেপি। সেই কথা স্মরণ করে শুভেন্দু বলেন, ‘‘২০০৯ সাল থেকে বিজেপি-কে পাহাড়-সহ উত্তরবঙ্গ জায়গা দিয়েছে। এ বার উন্নয়নের মাধ্যমে সেই ঋণ শোধ করব।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটপ্রচারে এসে উত্তরবঙ্গের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করা হবে বলেও জানান শুভেন্দু। প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করার লক্ষ্য নিয়ে উত্তরবঙ্গ সফরে শুভেন্দু। বাগডোগরায় তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা-সহ উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গে পা দিয়েই সেখানকার উন্নয়নের কথা বললেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী এ-ও জানান, প্রতি মাসে এক বার করে তিনি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা উত্তরবঙ্গে আসবেন। পাশাপাশি শুভেন্দু বলেন, ‘‘এ বার থেকে প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ।’’ উল্লেখ্য, এ বারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ৪০টি।
Hindustan TV Bangla Bengali News Portal