দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য বিধানসভা নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফ মোতায়েনের মেয়াদ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নয়া দিল্লি। ভোটের রেশ কাটলেও রাজ্যে যে কোনও ধরনের হিংসাত্মক ঘটনা রুখতে আগামী অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার জন্য দিল্লির কাছে দাবি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে পরিস্থিতি বিবেচনা করে বাংলায় আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বহাল রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, আগামী ২০ জুন পর্যন্ত ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। এর মধ্যে ২০০ কোম্পানি সিআরপিএফ, ১৫০ কোম্পানি বিএসএফ, ৫০ কোম্পানি করে সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি থাকবে। এত তবে এই বাহিনী নিয়ে রাজ্য সরকারকে বেশ কিছু নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়েছে, এই ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকাকালীন তাঁদের যাতায়াতের জন্য পরিবহণ, রসদ ও থাকার জন্য উপযুক্ত বাসস্থান এবং অন্যান্য সমস্ত প্রয়োজনীয় দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। এই পরিকাঠামো দ্রুত কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে দিকে দিকে যেভাবে রাজনৈতিক অশান্তি, দলবদল এবং আইনশৃঙ্খলার একাধিক ইস্যু মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে নবান্ন চেয়েছিল অন্তত পুজোর মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর বর্ম দিয়ে রাজ্যকে মুড়ে রাখতে। কিন্তু দিল্লি আপাতত ২০ জুন পর্যন্ত অর্থাৎ মাত্র এক মাসের জন্য এই সুরক্ষাকবচের মেয়াদ বাড়াল।
Hindustan TV Bangla Bengali News Portal