প্রসেনজিৎ ধর, কলকাতা :- অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের এক আইনজীবীর। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সোশ্যাল মিডিয়ায় ওই দুজন যে মন্তব্য করেছিলেন, তা আসলে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে মদত দেওয়া ছা়ড়া আর কিছু নয়।
গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানিয়েছেন জয়দীপ সেন নামে ওই ব্যক্তি। পাঁচ বছর আগে, বিধানসভা নির্বাচনের পরে সমাজমাধ্যমে পরমব্রত ও স্বস্তিকার দু’টি মন্তব্য ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ২ মে। সেই দিন পরমব্রত সমাজমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। এই মন্তব্য রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন জয়দীপ। তাঁর বক্তব্য, “পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। তাঁদের মন্তব্য বিজেপি কর্মীদের খুন, বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি এবং ২০২১-এ তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় প্ররোচনা জুগিয়েছিল।” সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। খুন, ধর্ষণের পাশাপাশি অগ্নিসংযোগেও তাঁরা উসকানি দিয়েছিলেন বলে অভিযোগ তাঁর।
কেন পাঁচ বছর পর এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করলেন জয়দীপ?এই প্রশ্নের উত্তরে জয়দীপ বলেন, তিনি এতদিন টুইটারে ছিলেন না। সম্প্রতি তিনি একজন নামী সংবাদিকের টুইট থেকেই বিষয়টি সম্পর্কে জানতে পারেন, সেই সময় এমন মন্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসার কারণ হয়ে থাকতে পারেন বলে ধারণা। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট অভিনেতা ও অভিনেত্রীর এ জাতীয় পোস্ট এবং মন্তব্য তৎকালীন ভারতীয় দণ্ডবিধির (IPC) ১০৭ নম্বর ধারার অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। যদিও বর্তমানে দেশে নতুন ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) চালু হয়েছে, তবুও অভিযোগপত্রে স্পষ্ট করা হয়েছে যে, ঘটনাটি যেহেতু আগের, তাই আইনি নিয়মানুযায়ী সে সময়ের আইপিসির ধারাই এখানে প্রযোজ্য হবে।
Hindustan TV Bangla Bengali News Portal