দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নারকেলডাঙ্গা থানার ২৩৭ মানিকতলা রোড। সেখানে একটি লোহার চেইন তৈরির কারখানায় এক কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কর্মীর নাম অরূপ ঘোষ।
সোমবার সকালে দেখা যায় রক্তাক্ত অবস্থায় বছর চল্লিশের অরূপ ঘোষ মাটিতে পড়ে আছেন। তাঁর মাথার পেছন দিয়ে রক্ত বেরোচ্ছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অরূপ ঘোষকে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, মাত্র চার দিন আগে ২৩৭এল/১বি মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকায় ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন অরূপ। শনিবার রাতে কাজ শেষ হওয়ার পরে কারখানার ভিতরেই ছিলেন তিনি। রবিবার সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ|
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্রমিককে খুন করা হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন হোমিসাইড শাখার আধিকারিকরা।তদন্তকারীদের নজরে এখন শনিবার রাতের ঘটনাপ্রবাহ। ওই রাতে কারখানার ভিতরে আর কারা উপস্থিত ছিলেন, শেষবার কখন অরূপকে দেখা গিয়েছিল, কারখানা থেকে কে বা কারা শেষ বেরিয়েছিলেন – সেই সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। কারখানার আশপাশের নজরদারি চিত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁদের সঙ্গে মৃতের কোনও বিবাদ ছিল কি না, অথবা ঘটনার রাতে কারখানার ভিতরে কোনও অশান্তি হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা কারখানার কর্মীদের সঙ্গেও কথা বলছেন।
স্থানীয়দের একাংশ জানিয়েছেন, অরূপ খুব বেশি দিন ওই এলাকায় ছিলেন না। নতুন কাজে যোগ দেওয়ার পর থেকেই তিনি কারখানাতেই বেশি সময় কাটাতেন। আচমকা তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal