প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য রাজনীতিতে এবার এক নজিরবিহীন সংঘাতের সাক্ষী থাকল বিধানসভা ভবন। ঘরে উপস্থিত থাকা সত্ত্বেও দেখা করলেন না বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। এই চরম অসৌজন্যের প্রতিবাদে এবং বিরোধী দলনেতার নির্দিষ্ট ঘর-সহ একগুচ্ছ দাবি নিয়ে স্পিকারের ঘরের সামনেই মাটিতে বসে ধর্নায় শামিল হলেন তৃণমূলের পরিষদীয় দলনেতা তথা বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে বিক্ষোভে যোগ দেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও | এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার।বিধানসভায় তৃণমূলের মোট ৮০ জন বিধায়ক রয়েছেন। কিন্তু এদিন বিধানসভায় স্পিকারের ঘরের সামনে অবস্থানে মাত্র ২ জন বিধায়ককে দেখা গিয়েছে। অবস্থানে বসে ক্ষোভে ফেটে পড়েন কুণাল ও শোভনদেব। শোভনদেবের মতো প্রবীণ বিধায়ককে স্পিকার সময় না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “তৃণমূলের প্রথম বিধায়ক, এত বছরের রাজনীতিক শোভনদেব চট্টোপাধ্যায়। তাও তাঁকে সম্মান জানালেন না। আমরা চেয়েছিলাম স্পিকারের সঙ্গে দেখা করে ভুলভ্রান্তি কিছু হয়ে থাকলে জেনে নিতে।” শোভনদেব বলেন, “আমরা একবার মুখোমুখি দেখা করে স্পিকারের কাছে জানতে চাইছিলাম কী সমস্যা? কিন্তু তিনি দেখাই করলেন না।”বিধানসভায় এখনও ঘর পাননি বিরোধী দলের বিধায়করা। গতকালই বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু জানিয়েছেন, বিরোধীদের জন্য বরাদ্দ হওয়া ঘরের সংস্কার চলছে। কাজ শেষ হলেই ঘর তাঁদের হাতে তুলে দেওয়া হবে। ফলে কবে বিধানসভায় ঘর পাবে তৃণমূল? সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal