দেবরীনা মণ্ডল সাহা :- দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার দুপুরে ভয়াবহ কালবৈশাখী ও ঝড়বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। দুর্যোগে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও সেই টাকার অঙ্ক এখনও নির্ধারণ করা হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দমদমে এবং বেলা ২:৪৫ মিনিটে কলকাতায় আছড়ে পড়ে জোড়া কালবৈশাখী। দমদমে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৪ কিলোমিটার এবং কলকাতায় তা পৌঁছয় ঘণ্টায় ৮৮ কিলোমিটারে। প্রায় দু’মিনিট ধরে তাণ্ডব চালায় এই ঝড়। শহরের একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে, বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় এবং আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে প্রিন্সেপ ঘাট এলাকায়। সেখানে গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। চক্ররেলের ওভারহেড তারের উপর গাছ পড়ে আগুনও লেগে যায়। সল্টলেক-সহ কলকাতা ও শহরতলির একাধিক এলাকায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির ব্যাপক প্রভাব পড়েছে। কোথাও বজ্রপাতে, কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই দুর্যোগে মোট ৭ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। সন্ধ্যায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন দ্রুততার সঙ্গে কাজ করছে। পাশাপাশি মৃতদের পরিবারের পাশে দাঁড়াতেই এই আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal