প্রসেনজিৎ ধর, হুগলি:- প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান
গ্রেফতার হলেন শুক্রবার। এলাকায় অশান্তিতে উসকানি, পুরসভা থেকে নথি লোপাটের মতো গুরুতর অভিযোগে ভদ্রেশ্বর থানার পুলিশ ফিরোজ খান নামে ভাইস চেয়ারম্যানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার। তার ভিত্তিতেই গ্রেপ্তারি। শনিবার চন্দননগর আদালতে পেশ করা হবে।ফিরোজ ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃণমূল নেতা। ২০২২ সালে পুরসভা ভোটে নির্বাচিত হন। তাঁকে ভাইস চেয়ারম্যান করে দল। চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ‘আস্থাভাজন’ বলে দলে পরিচিত ছিলেন ফিরোজ। অভিযোগ, তেলিনিপাড়ায় অশান্তির ঘটনায় নাম জড়িয়েছে তাঁর। দিন দুয়েক আগে ভদ্রেশ্বর পুরসভায় গিয়ে তিনি ঝমেলা করেছিলেন বলেও অভিযোগ। পুরসভা সূত্রে খবর, সেখানকার বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরসভার ইও ভদ্রেশ্বর থানায় ফিরোজের বিরুদ্ধে অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে ফিরোজকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে। শনিবার তাঁকে চন্দননগর আদালতে হাজির করানো হবে। তৃণমূল নেতা ফিরোজের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, যা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসি (চন্দননগর)।বৃহস্পতিবার ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ আট তৃনমূল কাউন্সিলর পদত্যাগ করেন। ২২ ওয়ার্ডের ভদ্রেশ্বর পুরসভা ছিল বিরোধী শূন্য।তবে বিধানসভা নির্বাচনে তৃনমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে। পুরসভা নির্বাচনের অনেক আগেই ভদ্রেশ্বর পুরসভার বোর্ড ভেঙে গেল, তা বলা যেতেই পারে।
Hindustan TV Bangla Bengali News Portal