দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের রাজনৈতিক অস্থিরতার আবহেই এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার বিকেলে কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে সমনের নোটিস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ইডি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
সূত্রের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৫ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বুধবার সারাদিন জুড়ে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮ বিধায়কের সই-সহ একাধিক রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এর মধ্যেই তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন অভিষেক। তার কিছুক্ষণের মধ্যেই তাঁর শান্তিনিকেতনের বাসভবনে যান ইডি আধিকারিকরা। সেখানে তাঁকে না পেয়ে পরে কালীঘাটের বাড়িতেও পৌঁছন তদন্তকারীরা।
জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে থেকেই ‘লিপস অ্যান্ড বাউন্স’ সংস্থার নাম উঠে এসেছিল তদন্তে। সেই সূত্রেই অতীতে সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। এবার একই মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে নেমে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ১৫ জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল লিপস এন্ড বাউন্সের। সেই বিষয়ে এর আগেও সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। এবার ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিতেই কালীঘাটের বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। সেই মামলাতেই সিবিআই যে ECIR করেছিল, সেই মামলার সূত্র ধরেই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি সই-জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল সিআইডি। তাঁকে সোমবার ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সশরীরে হাজিরা এড়িয়ে যান এবং লিখিতভাবে অন্তত ১৫ দিনের সময় চেয়ে আবেদন জানান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র সমন নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ধারিত দিনে হাজিরা দেন কি না, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের |
Hindustan TV Bangla Bengali News Portal