প্রসেনজিৎ ধর, কলকাতা :- তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ। বাড়ি দখলের অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল বলে খবর। সেখানেই পুলিশ গিয়ে জয়প্রকাশকে আটক করে বিধাননগর উত্তর থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ফ্ল্যাট জবরদখল, তার বৃদ্ধা মালকিনকে কটূক্তি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।২০১৪ সালে সল্টলেকের এই ব্লকের ৩৩৭ নম্বর বাড়ি ভাড়া নিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার | নামমাত্র ভাড়াতে সেখানেই সপরিবারের থাকতেন তিনি। মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললেও ক্ষমতার অপব্যবহার করে হুমকি দিতেন জয়প্রকাশ। ভাড়া চাইতে গেলেও তৃণমূল নেতা হুমকি দিতেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দুইপক্ষের বিবাদ হয়। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে দেখে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। জয়প্রকাশকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান। গাড়ির ভিতরে নিরুপায় হয়ে বসে থাকতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় লোকজন তা মানতে চাননি। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে সল্টলেক এলাকায়। এরপরই পুলিশ এসে তৃণমূল নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
Hindustan TV Bangla Bengali News Portal