প্রসেনজিৎ ধর :-ভাঙড় বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করার পর শনিবার আদালতে তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের যুক্তি ছিল, শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক হলেও তিনি অত্যন্ত প্রভাবশালী, বাইরে থাকলে তদন্ত প্রভাবিত করতে পারেন। সেই যুক্তি মেনেই তাঁকে এনআইএ হেফাজত দিয়েছে আদালত।
তদন্তকারীদের দাবি, ভাঙড়ে বিস্ফোরণের ঘটনার পর শওকত মোল্লা ফোনে একাধিক নির্দেশ পাঠিয়েছিলেন। গ্রেফতারের পর তাঁর মোবাইল ফোন থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও আদালতে জানানো হয়। তদন্তকারী সংস্থার বক্তব্য, বিস্ফোরণের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং ঘটনাস্থলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ভাঙড়ের ওই ঘটনায় বোমা তৈরির সময়ে জখম হওয়া ব্যক্তিদের সঙ্গে শওকত মোল্লার যোগাযোগ ছিল। কল ডিটেল রেকর্ড খতিয়ে দেখে তদন্তকারীদের দাবি, ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের সঙ্গে নিয়মিত কথা বলতেন তিনি। শুধু যোগাযোগই নয়, তাঁদের কাছে বিভিন্ন নির্দেশও পৌঁছে দেওয়া হচ্ছিল বলে তদন্তকারী সংস্থার দাবি। শওকতের মোবাইল ফোন উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও আদালতে জানানো হয়। NIA-র বক্তব্য, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত জরুরি।শওকত মোল্লার আইনজীবী NIA-র দাবি খারিজ করে দিয়ে জামিনের আবেদন জানান। তাঁর বক্তব্য, মামলার প্রথম অভিযোগে কোথাও শওকত মোল্লার নাম ছিল না। আশাদুল মোল্লার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। পরে তদন্তের গতিপ্রকৃতিতে তাঁর নাম জড়ানো হয়েছে।
শওকতের আইনজীবীর দাবি, বিস্ফোরণের সময় শওকত ঘটনাস্থলে ছিলেন না। তিনি তখন প্রায় ৪০ কিলোমিটার দূরে নিজের বাড়িতে ছিলেন। বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এমন খবরও তাঁর জানা ছিল না বলে আদালতে দাবি করেন আইনজীবী। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, ‘দীর্ঘদিন Z+ নিরাপত্তা পাওয়া এবং সর্বক্ষণ পুলিশি নিরাপত্তার বলয়ে থাকা একজন ব্যক্তি কী ভাবে গোপনে এমন কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন?’এনআইএ-র বক্তব্য, মামলার তদন্ত এখন অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিস্ফোরণের পরিকল্পনা, নেপথ্যের যোগাযোগ এবং অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য জানতে শওকত মোল্লাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর আবেদন জানিয়েছে সংস্থা।
Hindustan TV Bangla Bengali News Portal