নিজস্ব সংবাদদাতা :-আগামী ৮ জুন রাজধানী দিল্লিতে বসছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র হাইভোল্টেজ বৈঠক। জানা গিয়েছে সেই বৈঠকে যোগ দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়| এর মধ্যেই, শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন অভিষেক।সাম্প্রতিক নির্বাচনে বাংলায় তৃণমূলের অপ্রত্যাশিত ধাক্কার পর দলীয় সংগঠনকে ঘিরে নানা জল্পনা ও রাজনৈতিক অস্থিরতার আবহে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যের রাজনৈতিক সমীকরণে দ্রুত পরিবর্তনের মধ্যে বিরোধী শিবিরের সঙ্গে সমন্বয় আরও জোরদার করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
তৃণমূলের কঠিন সময়ে ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শরিক দল প্রকাশ্যে তাদের পাশে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন। পাশাপাশি, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘটনার নিন্দা জানিয়েছিলেন। সেই সময় তাঁদের সমর্থনের জন্য ধন্যবাদও জানান অভিষেক।
রাজনৈতিক মহলের মতে, বিরোধী ঐক্যকে আরও সুদৃঢ় করা এবং জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই ৮ জুনের বৈঠকে উপস্থিত থাকছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত ওই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব-সহ বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা উপস্থিত থাকার কথা।
একদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যদিকে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই মমতা-অভিষেকের দিল্লি সফরের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal