দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উৎসবের মরসুমে সাধারণ মানুষ যখন আনন্দে মেতে থাকেন, তখন আমজনতার নিরাপত্তা সুনিশ্চিত করতে দিন-রাত এক করে ডিউটি করতে হয় পুলিশ ও হোমগার্ডদের। এবার সেই অতিরিক্ত কর্তব্যেরই ‘পুরস্কার’ দিল রাজ্য সরকার। গত ২০২৫ সালের দুর্গাপুজো এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে টানা ডিউটি করা পুলিশ কর্মী ও হোমগার্ডদের জন্য মোট ১০ দিনের অতিরিক্ত ছুটি মঞ্জুর করল নবান্ন। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য কর্মীরা তাঁদের অতিরিক্ত পরিশ্রমের পরিপূরক হিসেবে মোট ১০ দিনের বিশেষ ছুটির সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ৮ দিনের ক্ষতিপূরণমূলক নৈমিত্তিক ছুটি । এর পাশাপাশি, রাজ্যপালের অনুমোদনক্রমে আরও ২ দিনের অতিরিক্ত বিশেষ ছুটি মঞ্জুর করা হয়েছে।রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর (পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা) এই ছুটি সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। কিন্তু কারা এই ছুটি পাবেন? নবান্নের তরফে ওই নির্দেশিকায় জানা গিয়েছে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ড ভলান্টিয়ারদের সমস্ত স্তরের কর্মীরাই এই ছুটির আওতায় আসবেন বলে খবর। জানা গিয়েছে, মোট ১০ দিন ছুটি দেওয়া হচ্ছে। কর্মীরা ৮ দিনের জন্য ক্যাজুয়াল লিভ ও ২ দিনের স্পেশাল ছুটি পাবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই এই ছুটি নিয়ে নিতে হবে। সেই নির্দেশও দেওয়া হয়েছে। পুজোর সময় অতিরিক্ত ডিউটি করেছেন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, ২০২৫ সালের দুর্গাপুজোর ছুটির দিন ও অন্যান্য সরকারি ছুটির দিন কাজ করতে হয় পুলিশ কর্মীদের। কমপক্ষে সাতদিনের বেশি যেসব পুলিশ কর্মী-হোমগার্ডরা ডিউটি করেছেন, তাঁরাই এই ছুটি পাবেন। এমনই কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে। কিন্তু কীভাবে ওই ছুটি নেওয়া যাবে? এই ১০ দিনের ছুটি ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ধরনের বড় ছুটি কিংবা স্থানীয় গেজেটেড ছুটির দিনগুলির সঙ্গে মিলিয়ে নেওয়া যাবে না। নির্দেশিকায় সাফ জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal