প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি রহস্যময় ঘরের খোঁজ পেল পুলিশ। ঘরটির দরজায় ডিজিটাল লক থাকায় সেটি খুলতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের। সোমবার ধৃত স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যায় পুলিশ। তদন্তকারীরা ডিজিটাল লকের কোড জানতে চাইলেও স্বরূপ তা দিতে পারেননি বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুপুর থেকে সাহাপুর কলোনির ওই আবাসনে দীর্ঘ সময় ধরে চিরুনি তল্লাশি চালানো হয়। তিন ও চার তলায় থাকা দুটি ফ্ল্যাট ঘুরে দেখার সময় একটি ঘরের ভিতরে আরও একটি গোপন কক্ষের সন্ধান মেলে। সেই কক্ষের দরজায় অত্যাধুনিক ডিজিটাল লক থাকায় তা খোলা সম্ভব হয়নি। লক ভাঙার জন্য চাবিওয়ালা ও কাঠমিস্ত্রিকেও ডাকা হয়, কিন্তু শেষ পর্যন্ত দরজা খোলা যায়নি।
তদন্তকারীদের অনুমান, ওই ঘরে গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক ডিভাইস বা মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে রাখা থাকতে পারে। সেই কারণেই ঘরটি খোলার জন্য বিকল্প উপায় খুঁজছে পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে এক হেয়ার ড্রেসারের দায়ের করা যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন স্বরূপ বিশ্বাস। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। সেই মামলার তদন্তেই এদিন তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়।
তদন্তে নেমে পুলিশ মনে করছে, স্বরূপ বিশ্বাসের এই আবাসন থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বা নথি উদ্ধার হতে পারে। সেই সূত্র ধরেই বিশ্বাস পরিবারের যৌথ বাসভবনে অভিযান চালানো হয়েছে। তবে রহস্যময় ডিজিটাল-লক ঘরটি ঘিরে জল্পনা আরও বেড়েছে।একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন অরূপ বিশ্বাস। দীর্ঘদিন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলানো অরূপের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই স্বরূপ এলাকায় নিজের প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ বিরোধীদের। এবার সেই স্বরূপকে ঘিরে তদন্তের কেন্দ্রে উঠে এসেছে সাহাপুরের এই ‘রহস্যঘর’।
Hindustan TV Bangla Bengali News Portal