Breaking News

ভোট-পরবর্তী হিংসা থেকে প্রতারণার অভিযোগ, একাধিক মামলায় নাম জড়ানো উদয়ন গুহকে কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :-রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা উদয়ন গুহকে গ্রেফতার করল পুলিশ। বুধবার কলকাতার ফুলবাগান এলাকার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করে কোচবিহার জেলা পুলিশের বিশেষ দল। দীর্ঘদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল তদন্তকারীরা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারের পর উদয়ন গুহকে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া ও নথিপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন করার পর তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। দিনহাটার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রতারণা, চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায় এবং ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায় অভিযোগ রয়েছে বলে দাবি তদন্তকারীদের।
সূত্রের খবর, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং চাকরির ব্যবস্থা করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দিনহাটা ও আশপাশের এলাকায় সংঘটিত ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম উঠে এসেছে বলে পুলিশি সূত্রে দাবি।উদয়ন গুহের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “উদয়ন গুহের বিরুদ্ধে বহুদিন ধরেই একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। আমরা চাই সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হোক।”
অজয় রায়ের দাবি, বিজেপি কর্মী রতন বর্মন হত্যা মামলা, কাটমানি, আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগে উদয়ন গুহের নাম জড়িয়েছে। ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই অনেক আগেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *