Breaking News

১৯ জুন ‘রান ফর যোগা’ দিয়ে সূচনা, ২১ জুন মোদির উপস্থিতিতে মহাযজ্ঞ! তিন দিনের কর্মসূচি ঘোষণা শুভেন্দুর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে রাজ্যজুড়ে জোর প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এই আবহে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বাংলায় বিজেপি সরকার গঠনের পর এবার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বৃহৎ পরিসরে পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস।মুখ্যমন্ত্রী জানান, ১৯ জুন শুক্রবার ‘রান ফর যোগা’ কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপনের সূচনা হবে। সকাল ৭টায় কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।২০ জুন, শনিবার পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সেদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার পর গঙ্গার বুকে বিশেষ ড্রোন শো-এর আয়োজন করা হয়েছে। যোগব্যায়াম এবং সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরতে আকাশে ড্রোনের সাহায্যে নানা দৃশ্য ফুটিয়ে তোলা হবে।
২১ জুন, রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রীর দাবি, ইতিমধ্যেই প্রায় ৩৮ হাজার মানুষ নাম নথিভুক্ত করেছেন। কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণের আশা করছে প্রশাসন। রবিবার সকাল ৬টা ১৫ মিনিট পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে, তারপরই শুরু হবে মূল কর্মসূচি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের নির্ধারিত প্রোটোকল মেনেই সমস্ত অনুষ্ঠান পরিচালিত হবে।
সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “যোগ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের ১২তম বর্ষে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির অংশ হচ্ছে। এ বছর পশ্চিমবঙ্গ এই অনুষ্ঠান পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই উদ্যোগ নতুন নজির গড়বে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, বিশ্বের ১৭৫টিরও বেশি দেশ এখন আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন করে। তাই এটি শুধু একটি স্বাস্থ্যচর্চা নয়, বরং বিশ্বজুড়ে স্বীকৃত একটি সামাজিক ও মানবিক আন্দোলনে পরিণত হয়েছে।এদিন শহরবাসীর উদ্দেশে বিশেষ আবেদনও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “স্বচ্ছ ভারতের ভাবনা সামনে রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব কলকাতা উপহার দিতে চাই। তাই যোগ দিবসের আগে প্রত্যেক নাগরিককে নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। তিনি বলেন, “যোগ যদি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে, তাহলে তা শুধু একজন মানুষকেই নয়, একটি পরিবার, সমাজ এবং গোটা দেশকেই আরও শক্তিশালী করে তোলে। আসুন, সকলে মিলে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-কে সফল করে তুলি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *