নিজস্ব সংবাদদাতা:- বাংলার উন্নয়নের পথে আরও এক নতুন অধ্যায়। জনমুখী বাজেট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই আরও একটি বড় রাজনৈতিক সাফল্যের খবর সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে তিনি জানান, পশ্চিমবঙ্গে এই প্রথম কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করল বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হয়েছেন বামদেব গুছাইত এবং সহ-সভাধিপতি হয়েছেন বাঁশুরি পণ্ডিত।
সম্প্রতি জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দেন উত্তম বারিক। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে পরাজয়ের পর তিনি জানান, পদ আঁকড়ে থাকার কোনও অর্থ নেই। পরে সহ-সভাধিপতি সুহাসিনী করও পদত্যাগ করেন। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পূর্ব মেদিনীপুরে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি ও পদাধিকারীর ইস্তফা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মোট আসন ৭০। একসময় সেখানে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৫৬ এবং বিজেপির ১৪। পরবর্তীতে দুই সদস্যের মৃত্যু হয়। সভাধিপতি ও সহ-সভাধিপতির পদ শূন্য হওয়ার পর সোমবার জেলা পরিষদের সাধারণ সভায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। উপস্থিত সদস্যদের সমর্থনে বামদেব গুছাইত সভাধিপতি এবং বাঁশুরি পণ্ডিত সহ-সভাধিপতি নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃত্বকে সংবর্ধনা জানানো হয় জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভাকক্ষে। বাইরে চলে উচ্ছ্বাস, ফাটানো হয় আতসবাজি, বাজতে থাকে বাদ্যযন্ত্র। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, “এখন আর শুধু ডবল ইঞ্জিন নয়, জেলায় চলছে পঞ্চম ইঞ্জিন। কেন্দ্র, রাজ্য, জেলা পরিষদ, সাংসদ ও বিধায়ক—সব ক্ষেত্রেই বিজেপির প্রতিনিধিত্ব রয়েছে। ফলে জেলার উন্নয়ন আরও দ্রুত গতিতে এগোবে।”সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার কোনও জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ আজ থেকে ভারতীয় জনতা পার্টির সদস্যদের মাধ্যমে পরিচালিত হবে।”তিনি আরও জানান, সর্বসম্মতিক্রমে বামদেব গুছাইতকে সভাধিপতি এবং বাঁশুরি পণ্ডিতকে সহ-সভাধিপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব, জনসেবার প্রতি অঙ্গীকার এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে পূর্ব মেদিনীপুরের সার্বিক অগ্রগতি আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal