Breaking News

চোখের চিকিৎসার জন্য সাত দিনের বিদেশ সফর করতে চান অভিষেক, আদালতের অনুমতি চেয়ে বিচারপতির দৃষ্টি আকর্ষণ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর তরফে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।জানা গিয়েছে, চোখের চিকিৎসার প্রয়োজনে সাত দিনের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছেন অভিষেক। বিদেশযাত্রার উপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা না থাকলেও তাঁর নাম একাধিক বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত। সেই মামলাগুলিতে তদন্তে সহযোগিতার নির্দেশ রয়েছে আদালতের। সেই কারণেই বিদেশ সফরের আগে আদালতের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে।উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর চোট লাগে। এরপর দেশে ও বিদেশে একাধিকবার চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। এবারও সেই চোখের চিকিৎসার কারণেই বিদেশ যেতে চাইছেন বলে জানা গিয়েছে।
এদিকে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর দলের অন্দরে রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির আলাদা কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার নিউ টাউনের একটি হোটেলে বিশেষ অধিবেশন ডেকে জাতীয় কর্মসমিতি গঠন করেছে ওই গোষ্ঠী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও স্থান রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে।এই রাজনৈতিক জল্পনার আবহেই চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহের বিদেশ সফরের অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে। আদালত তাঁর আবেদন মঞ্জুর করে বিদেশযাত্রার অনুমতি দেয় কি না, সেটাই দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *