Breaking News

সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়িতে রাতভর পুলিশের হানা,উদ্ধার ৩ কেজির বেশি সোনা, চাঞ্চল্য নদিয়ায়!

নিজস্ব সংবাদদাতা :-তোলাবাজি মামলার তদন্তে বড় সাফল্য পেল পুলিশ। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত এক তৃণমূল নেত্রীর পৈতৃক বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার করিমপুরের কিশোরপুর এলাকায় তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার পৈতৃক বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে যৌথভাবে অংশ নেয় বিধাননগর উত্তর থানা ও করিমপুর থানার পুলিশ। তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন গ্রেফতার হওয়া তৃণমূল নেতা সব্যসাচী দত্তও। তদন্তকারীদের দাবি, রাতভর চলা অভিযানে ওই বাড়ি থেকে প্রায় তিন কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার মূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটি টিনার বাবা কাঞ্চন ভৌমিকের নামে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতেই সেখানে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। সাত জন পুলিশ আধিকারিকের নেতৃত্বে ২১ জন পুলিশকর্মী গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালান। স্থানীয় সূত্রের দাবি, টিনা ভৌমিক সাহা একসময় তৃণমূলের বঙ্গ জননী বাহিনীর নদিয়া জেলা সভানেত্রীর দায়িত্বে ছিলেন। পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে তাঁকে জেলা পর্যবেক্ষকের দায়িত্বও দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে বলে অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ সোনার গয়নার প্রকৃত মালিক কে, তা এখনও স্পষ্ট নয়। গয়নাগুলি টিনার ব্যক্তিগত সম্পত্তি নাকি অন্য কারও হয়ে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে সব্যসাচী দত্তের বিরুদ্ধে চলা তোলাবাজি মামলার সঙ্গে এই সোনার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর তাঁকে নিয়ে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এর আগেই তাঁর রাজারহাটের ফ্ল্যাট ও বিভিন্ন ব্যাঙ্ক লকার থেকে প্রায় সাড়ে তিন কেজি সোনার হদিস পেয়েছিলেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তোলাবাজির মাধ্যমে অর্জিত অর্থ সোনায় বিনিয়োগ করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।এছাড়াও সব্যসাচী দত্ত ও তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একাধিক মেয়াদি আমানত এবং নগদ অর্থ মিলিয়ে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বিপুল সম্পদের উৎস খতিয়ে দেখছে পুলিশ।এর আগে তোলাবাজি মামলার তদন্তে টিনা ভৌমিক সাহাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। তারই মধ্যে তাঁর পৈতৃক বাড়িতে এই তল্লাশি ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল ও প্রশাসনিক স্তরে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *