Breaking News

ধর্মতলায় ৬০ দিনের নিষেধাজ্ঞা! মিছিল-সভা-ধর্না বন্ধে কড়া নির্দেশ কলকাতা পুলিশের, অনিশ্চয়তায় ২১ জুলাইয়ের সমাবেশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে তৃণমূলের অন্দরে জল্পনা চলাকালীনই বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করা হয়েছে। এর ফলে ধর্মতলা চত্বরে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সভা, ধর্না ও বিক্ষোভের উপর ৬০ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ফলে এ বছরের ২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ ধর্মতলায় হওয়া কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এখন নজর, দল শেষ পর্যন্ত বিকল্প কোন ভেন্যু বেছে নেয়।পুলিশি অনুমতি ছাড়া ধর্মতলা চত্বরে আগামী ৬০ দিনের জন্য কোনও রাজনৈতিক সভা, মিছিল বা বিক্ষোভ করা যাবে না। সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতি, অশান্তি এবং যান চলাচলে বিঘ্নের আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় এই নির্দেশ জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সভা, মিছিল, ধর্না, পদযাত্রা বা অন্য কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচিও করা যাবে না।মঙ্গলবার জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ড-এর অন্তর্গত বিস্তীর্ণ এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকা এতে অন্তর্ভুক্ত হলেও বেন্টিঙ্ক স্ট্রিট এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।কলকাতা পুলিশের দাবি, এই এলাকায় বেআইনি জমায়েত হলে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি যান চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। সেই কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৬৩ ধারা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, আগামী ৬০ দিন সংশ্লিষ্ট এলাকায় কোনও রাজনৈতিক দল বা সংগঠন সভা, সমাবেশ, মিছিল, ধর্না কিংবা পদযাত্রার আয়োজন করতে পারবে না। পাশাপাশি লাঠি, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনও ধরনের অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।পুলিশ কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, ১৬৩ ধারা কার্যকর থাকায় ধর্মতলা এলাকায় রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হবে না। তবে অন্য কোনও স্থানে কর্মসূচি করতে চাইলে নিয়ম মেনে আবেদন করা যাবে। সেই আবেদন খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *