প্রসেনজিৎ ধর :-তৃণমূল কাউন্সিলর মহম্মদ শাকির আলিকে এনআইএ গ্রেফতার করার পর নতুন করে আইনি জটিলতায় পড়লেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। স্বামীর গ্রেফতারির সময় কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা ও অসহযোগিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। তদন্তের স্বার্থে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্রীরামপুর থানায় স্বতঃপ্রণোদিত হয়ে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। অভিযোগ, এনআইএ শাকির আলিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তিনি কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান এবং তাঁদের কাজে বাধা সৃষ্টি করেন। ঘটনাস্থলে এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিওও সামনে এসেছে। সেখানে অপরূপাকে বলতে শোনা যায়, “আমার কোনও পুলিশ প্রোটেকশন দরকার নেই।” এরপর কিছুক্ষণ বাদানুবাদের পর তিনি সেখান থেকে সরে যান।
তবে শুধুমাত্র ওই ঘটনাকে কেন্দ্র করেই মামলা দায়ের হয়েছে, নাকি এনআইএ-র দীর্ঘ অভিযানের সময় অন্য কোনও ঘটনার জেরেও অভিযোগ আনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অপরূপা পোদ্দারের তরফে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, অপরূপা পোদ্দারের স্বামী মহম্মদ শাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ২০২৩ সালে রিষড়ার রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে সংঘর্ষ ও অশান্তির ঘটনায় তাঁর নাম সামনে আসে। সেই মামলার তদন্তেই মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তদন্তের প্রয়োজনে তাঁকে বুধবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অপরূপা পোদ্দার। তাঁর বক্তব্য, “বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ভগবানের উপর বিশ্বাস আছে, তিনিই বিচার করবেন।”
Hindustan TV Bangla Bengali News Portal