Breaking News

শিয়ালদহ-বারাসত শাখায় নতুন এসি লোকাল! ৬ জুলাই থেকে শুরু পরিষেবা, জানুন সম্পূর্ণ টাইম টেবিল ও স্টপেজ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য আরও এক সুখবর। এবার বারাসত শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল ট্রেন। আগামী ৬ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) শিয়ালদহ-বারাসত রুটে চলবে এই নতুন পরিষেবা। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম।

*এসি লোকালের টাইমটেবিল*
সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসত পৌঁছবে সকালে ১১টা ১৮ মিনিটে

বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে।

*কোন কোন স্টেশনে দাঁড়াবে:-* শিয়ালদহ-বারাসত এসি লোকাল:
বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে।

এখন শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল। নতুন এই ট্রেন চালু হলে বারাসত শাখার যাত্রীদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে মনে করছে রেল।
শুধু এসি লোকালই নয়, একসঙ্গে আরও একাধিক নতুন ট্রেন ও পরিষেবার ঘোষণা করেছে পূর্ব রেল। বারাসত থেকে বিকেল ৪টা ৩৮ মিনিটে নতুন বারাসত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে। পাশাপাশি ব্যস্ত সময়ের ভিড় সামাল দিতে ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকাল এবার থেকে ব্যারাকপুরের বদলে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিকেল ৫টা ২৪ মিনিটে যাত্রা শুরু করবে।
অন্যদিকে, গ্রামীণ এলাকার যোগাযোগ আরও শক্তিশালী করতে রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালের রুট বাড়িয়ে আমঘাটা পর্যন্ত করা হচ্ছে। পাশাপাশি সকাল ৮টা ৩০ মিনিটে নতুন আমঘাটা-কৃষ্ণনগর লোকাল চালু হবে, যাতে আমঘাটার যাত্রীরা সহজেই কৃষ্ণনগর হয়ে শিয়ালদহ বা শান্তিপুরমুখী ট্রেন ধরতে পারেন।
এছাড়াও ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর শাখাতেও একাধিক নতুন ট্রেন ও পরিষেবা বৃদ্ধির ঘোষণা করেছে রেল। সব মিলিয়ে ১১টি নতুন ট্রেন, ৫টি বর্ধিত পরিষেবা এবং ২টি বিশেষ (স্পেশাল) ট্রেন চালু করা হচ্ছে। এই নতুন পরিষেবাগুলি আপাতত ৬ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে সপ্তাহে পাঁচ দিন (সোমবার থেকে শুক্রবার) চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *