প্রসেনজিৎ ধর :-ভোট-পরবর্তী হিংসার মামলায় আইনি চাপে অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর এবার গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি। বুধবার তাঁর আইনজীবীরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জমা দিয়েছেন। এখন উচ্চ আদালত অনুব্রতকে অন্তর্বর্তী স্বস্তি দেয় কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
মামলার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর। শুভেন্দুবিকাশ মণ্ডল নামে এক ব্যবসায়ী শান্তিনিকেতন থানায় অনুব্রত মণ্ডল-সহ ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, অনুব্রতের নির্দেশে একদল দুষ্কৃতী তাঁর ইটভাটায় হামলা চালিয়ে বোমা ও আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ইট লুট করে। ঘটনার পর প্রাণভয়ে ব্যবসা গুটিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন বলেও অভিযোগকারীর দাবি।এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিনিকেতন থানার পুলিশ। সম্ভাব্য গ্রেফতারি এড়াতে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। তবে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপরই তাঁর বিরুদ্ধে গ্রেফতারির জল্পনা আরও জোরালো হয়।
নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর আর সময় নষ্ট না করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। আইনজীবীদের মতে, জেলা আদালতে আগাম জামিন খারিজ হওয়ার পর হাইকোর্টের সিদ্ধান্তই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলার শুনানি শীঘ্রই হতে পারে বলে জানা গিয়েছে। এখন দেখার, উচ্চ আদালত অনুব্রত মণ্ডলকে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়, নাকি তদন্ত প্রক্রিয়া আগের মতোই চলতে থাকে।
Hindustan TV Bangla Bengali News Portal