দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-৫ জুলাই ১২ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। তাই রবিবার কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিল প্রশাসন। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর উদ্যোগে সেতুর জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। এই সময়ে কোনও ধরনের যানবাহন সেতু ব্যবহার করতে পারবে না। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর নিরাপত্তা আরও জোরদার করতেই এই সংস্কারকাজ করা হচ্ছে। মেরামতির সময় সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং গুরুত্বপূর্ণ বেয়ারিং বদলানো হবে। কাজ চলাকালীন সেতুর উপর যানবাহনের চাপ বা কম্পন বিপজ্জনক হতে পারে বলেই সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সেতু বন্ধ থাকার কারণে কলকাতার বিভিন্ন দিক থেকে হাওড়ামুখী এবং খিদিরপুরমুখী গাড়িগুলিকে নিম্নলিখিত রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে |
*এজেসি বোস রোড থেকে আসা গাড়ির ক্ষেত্রে:*
জিরুট আইল্যান্ড সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে ‘টার্ফ ভিউ’ থেকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে চালকেরা সেন্ট জর্জেস গেট রোড স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবেন।
অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকের কে পি রোড ধরেও এগোতে পারবেন।
*কে পি রোড থেকে আসা গাড়ির ক্ষেত্রে:*
জে অ্যান্ড এন আইল্যান্ড সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ‘১১ ফার্লং গেট’ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরা যাবে।
*সিজিআর রোড ও খিদিরপুর থেকে আসা গাড়ির ক্ষেত্রে:*
খিদিরপুর দিক থেকে যে সমস্ত পূর্বমুখী গাড়ি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরতে আসবে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
*ঘোড়া পাস ও ওয়াই-পয়েন্টের ট্রাফিক:*
কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র্যাম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি কে পি রোড – রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের আশা, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত সংস্কারকাজ শেষ করা সম্ভব হবে। এরপর সন্ধ্যা ৬টার পর সেতুর নিরাপত্তা খতিয়ে দেখে ধাপে ধাপে ফের স্বাভাবিক যান চলাচল চালু করা হবে। তাই অযথা হয়রানি এড়াতে ৫ জুলাই বিদ্যাসাগর সেতুর পরিবর্তে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিচ্ছে প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal