Breaking News

ফ্লাইওভার বন্ধের সিদ্ধান্তে ইউ-টার্ন! ৩-৬ জুলাই চিংড়িঘাটা ফ্লাইওভারে স্বাভাবিক থাকবে যান চলাচল, জানাল কলকাতা পুলিশ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-চিংড়িঘাটা ফ্লাইওভার আপাতত বন্ধ হচ্ছে না। আগামী ৩ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত মেট্রো নির্মাণকাজের জন্য ফ্লাইওভার বন্ধ রাখার কথা আগেই ঘোষণা করেছিল কলকাতা পুলিশ। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এল প্রশাসন। নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, প্রশাসনিক কারণে আপাতত ওই চারদিন চিংড়িঘাটা ফ্লাইওভারে স্বাভাবিকভাবেই যান চলাচল করবে। ফলে নিত্যযাত্রীদের আর বিকল্প রুট ব্যবহার করতে হবে না।এর আগে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, দ্বিতীয় দফায় ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্মাণকাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নতুন নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে এবং ফ্লাইওভার দিয়ে যান চলাচলে কোনও বিধিনিষেধ থাকছে না।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ চললেও সাম্প্রতিক সময়ে নির্মাণকাজে গতি এসেছে। ইতিমধ্যেই প্রথম দফায় ২৬ জুন রাত ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রেখে মেট্রোর গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। সেই সময় গার্ডার বসানো-সহ একাধিক প্রযুক্তিগত কাজ সফলভাবে শেষ হয়েছে।
মেট্রো সূত্রে খবর, এবার চিংড়িঘাটা মোড়ের পূর্বদিকে কয়েকটি পিলারের মধ্যে কংক্রিটের ডেক বসানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি সল্টলেক বাইপাস সংলগ্ন খালের ধারে প্রায় ৬০ মিটার দীর্ঘ একটি অস্থায়ী বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নির্মাণকাজ চলাকালীন যান চলাচলে কম প্রভাব পড়ে। এই বিষয়ে কলকাতা পুলিশ এবং রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর আধিকারিকরা ইতিমধ্যেই যৌথভাবে এলাকা পরিদর্শন করেছেন।
মেট্রো কর্তৃপক্ষের আশা, চিংড়িঘাটা এলাকায় গার্ডার বসানোর কাজ শেষ হওয়ার পর লঞ্চার মেশিনকে ৩২৯ নম্বর পিলার পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিকো পার্ক সংলগ্ন গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে সংযোগ স্থাপনের কাজ এগোবে। সবকিছু পরিকল্পনামাফিক চললে চলতি বছরের শেষের দিকেই বহু প্রতীক্ষিত চিংড়িঘাটা মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *