দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য পুলিশের অন্দরে ফের বড় রদবদল। এক নির্দেশে ১০৮ জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি)-কে বদলি করল রাজ্য সরকার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—একাধিক জেলা, পুলিশ জেলা ও কমিশনারেট এলাকায় এই রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব দ্রুত গ্রহণ করার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।বদলির তালিকায় রয়েছে বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, নোদাখালি, দিঘা, কাঁথি, তমলুক-সহ একাধিক গুরুত্বপূর্ণ থানার আইসি। পাশাপাশি বসিরহাট পুলিশ জেলা, হুগলি গ্রামীণ, বিভিন্ন জেলার ডিআইবি (ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ), ডিইবি (ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ), রাজ্য ট্র্যাফিক হেডকোয়ার্টার এবং শিয়ালদহ জিআরপি-র একাধিক আধিকারিকেরও বদলি করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার এক সার্কেল ইন্সপেক্টরকেও অন্যত্র পাঠানো হয়েছে।বিধাননগর পুলিশ কমিশনারেটেও হয়েছে গুরুত্বপূর্ণ রদবদল। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার আইসি-কে বদলি করে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে নয়াগ্রাম থানার বর্তমান আইসিকে আনা হয়েছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার দায়িত্বে।পুলিশ সদর দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিফর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ-এর একাধিক আধিকারিককেও এই বদলির আওতায় আনা হয়েছে। নির্দেশ অনুযায়ী, দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে সকলকেই।
উল্লেখ্য, এর আগেই রাজ্যে আইজিপি, ডিআইজি, এসপি, ডিসি-সহ একাধিক উচ্চপদস্থ আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিকের রদবদল করা হয়েছিল। এবার সেই ধারাবাহিকতায় থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের স্তরেও বড়সড় প্রশাসনিক রদবদল করা হল।
যদিও পুলিশ প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ রুটিন প্রশাসনিক বদলি।
Hindustan TV Bangla Bengali News Portal