প্রসেনজিৎ ধর :-এনআইএ-র মামলায় আপাতত স্বস্তি হুগলির রিষড়ার তৃণমূল কাউন্সিলর শাকির আলির। শুক্রবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল আদালত। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি মিলেছে তাঁর। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে শাকির আলিকে। এছাড়া আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না। প্রসঙ্গত, ২০২৩ সালের রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে রিষড়ায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত মঙ্গলবার শাকির আলিকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রায় তিন বছর পর এই গ্রেফতারিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করলেও, শাকিরের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার প্রথম থেকেই বিচারব্যবস্থার উপর আস্থা রাখার কথা বলেন। এদিকে, শুক্রবারই অন্য একটি মামলায় শ্রীরামপুর থানায় হাজিরা দেন অপরূপা পোদ্দার। অভিযোগ, শাকির আলির গ্রেফতারের সময় তিনি পুলিশের কাজে বাধা দিয়েছিলেন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে অসহযোগিতা করেছিলেন। সেই অভিযোগেই তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। এদিন সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বিকেলে থানা থেকে বেরোনোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপরূপা পোদ্দার। তাঁকে ঘিরে শ্রীরামপুর থানা চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিআরপিএফ জওয়ানদের সহায়তায় তাঁকে একটি টোটোতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে হাসপাতালের মূল ফটকের কাছে পৌঁছেও গাড়ি না থেমে অন্য রাস্তা দিয়ে রিষড়ার বাড়ির দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এদিকে, শাকির আলির জামিনের পর এনআইএ-র তদন্ত কোন দিকে এগোয় এবং অপরূপা পোদ্দারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
Hindustan TV Bangla Bengali News Portal