Breaking News

বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় দোষীদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’-এর আশ্বাস মুখ্যমন্ত্রীর, অশান্তি ছড়ানোদের বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি!

প্রসেনজিৎ ধর :-  দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ‘ধর্ষণ ও খুনের’ ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর এবার দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বক্তব্য, এই ঘটনায় অভিযুক্তদের ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটি অত্যন্ত নৃশংস এবং মর্মান্তিক ঘটনা। তদন্তে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই আইজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। পুলিশ ও এসটিএফ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তিনি জানান, নির্যাতিতার পরিবার সরকারের কাছে যে ধরনের সহযোগিতা ও বিচার চেয়েছে, প্রশাসন সেই সব দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী আরও জানান, ঘটনার পরই তিনি নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং সরকারের উপর আস্থা রেখেছেন। শুভেন্দুর কথায়, তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়, তবে দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ নিশ্চিত করা হবে।
অন্যদিকে, রবিবার ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর স্থানীয় বাসিন্দারা দেহ আটকে বিক্ষোভে সামিল হন। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং রেললাইনে বিক্ষোভের ঘটনাও ঘটে। পরে মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং রাতেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।এই বিক্ষোভ ও ভাঙচুর নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ঘটনার সুযোগ নিয়ে কিছু অসামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত শক্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তিনি দাবিl করেন, রেললাইন উপড়ে ফেলা ও সরকারি সম্পত্তিতে হামলার মতো ঘটনাগুলির পিছনে একটি ‘কমিউনাল অ্যাঙ্গেল’ থাকতে পারে। অতীতে সিএএ ও ওয়াকফ আইনবিরোধী আন্দোলনের সময়ও একই ধরনের ঘটনার উল্লেখ করেন তিনি। পাশাপাশি জানান, বিক্ষোভ চলাকালীন এক সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন।শুভেন্দু অধিকারীর দাবি, শুধু মূল অপরাধীরাই নন, যারা হিংসা, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা নষ্ট করার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *