নিজস্ব সংবাদদাতা :- কল্যাণীর সাহেববাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ শিকদার। তিনি এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত রাজনৈতিক খুন। যদিও মৃতের পরিবার এখনও নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে রেললাইনের পাশের একটি আমবাগানে বিশ্বজিৎ শিকদারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। পরে বিজেপির নেতা-কর্মীরাও সেখানে যান। খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।ঘটনার পর থেকেই বিজেপির তরফে দাবি করা হয়েছে, এটি আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তাঁদের অভিযোগ, বিশ্বজিৎকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে পরে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। মৃতের বাবা কল্যাণী মণ্ডল-২-এর ১২৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতেও একাধিকবার তাঁদের হুমকির মুখে পড়তে হয়েছে। এমনকি একসময় বিশ্বজিৎকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ পরিবারের।যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কারও বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়নি। তাঁদের বক্তব্য, পুলিশের তদন্তের উপর আস্থা রয়েছে। তবে পরিবারের দাবি, বিশ্বজিৎ কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না। তাই ঘটনার প্রকৃত কারণ সামনে আনতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, এলাকায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব ছিলেন বিশ্বজিৎ শিকদার। সেই কারণেই তাঁকে পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল। বিজেপির আরও দাবি, অতীতেও তাঁর উপর শারীরিক হামলা হয়েছে এবং তাঁর দোকানে ভাঙচুর চালানো হয়েছিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপি নেতারা।অন্যদিকে, পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তদন্তকারী সূত্রের দাবি।
Hindustan TV Bangla Bengali News Portal