Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের, বালিগঞ্জ থেকে হাজরা— বেঁধে দেওয়া হল সময়, রুট ও অংশগ্রহণকারীর সংখ্যা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বারুইপুর-সহ একাধিক ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতায় মিছিল করার অনুমতি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অনুমতি নিঃশর্ত নয়। কলকাতা হাই কোর্ট একাধিক বিধিনিষেধ আরোপ করে মিছিলের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ, নির্ধারিত সময়, রুট এবং অংশগ্রহণকারীর সংখ্যা মেনেই কর্মসূচি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।মঙ্গলবার মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে আদালত জানায়, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে, অর্থাৎ দুই ঘণ্টার মধ্যেই মিছিল শেষ করতে হবে। এছাড়া আদালত স্পষ্ট করে দিয়েছে, এই কর্মসূচিতে এক হাজারের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।
আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে। এই রুটের বাইরে যাওয়া যাবে না। একইসঙ্গে সাধারণ মানুষের যাতায়াত সচল রাখতে রাস্তার অন্তত একটি লেন খোলা রাখারও নির্দেশ দিয়েছে আদালত।প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। ঘটনার পরপরই পুলিশ মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করে এবং আরও তিনজনকে আটক করে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। এদিকে মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে বারুইপুরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগের দিন, অর্থাৎ সোমবার, একই ঘটনার প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর বুধবারের বড় মিছিলের জন্য আদালতের অনুমতি চাওয়া হলে কলকাতা হাই কোর্ট শর্তসাপেক্ষে সবুজ সংকেত দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়সীমা, রুট ও অংশগ্রহণকারীর সংখ্যা লঙ্ঘন করা যাবে না। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ এড়ানোর দায়িত্বও আয়োজকদেরই নিতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *