দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নিউটাউনের বাগজোলা খালে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুলুংগুড়ির দক্ষিণপাড়া এলাকায় খালে দেহটি ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথম পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে নিউ টাউন থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এক মহিলা খালের ধারে গিয়ে জলে দেহটি ভাসতে দেখেন। তিনি বিষয়টি অন্যদের জানান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে নিউ টাউন থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাসিন্দাদের দাবি, মৃত যুবককে এলাকার কেউ চিনতে পারেননি। তিনি স্থানীয় বাসিন্দা বলেও মনে করছেন না তাঁরা। যুবকের পরনে ছিল একটি হাফ প্যান্ট এবং নীল-সাদা রঙের গেঞ্জি। পরিচয় জানার জন্য আশপাশের একাধিক থানায় খবর পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, অন্য কোথাও খুন করে দেহটি বাগজোলা খালে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
Hindustan TV Bangla Bengali News Portal